শিহাব রিফাত আলম
প্রায়শই চেনা অচেনা মুখ
আমাকে প্রশ্ন করে?
জানতে চায়-
কে আমার সুরঞ্জনা ?
কেইবা আমার নীলাঞ্জনা ?
আমি রহস্যময় মুচকি হাসি।
উত্তরে বলি,
কে সুমনের সুরঞ্জনা ?
কেইবা নচিকেতার নীলাঞ্জনা ?
তারা শুনে অট্ট হাসে।
কিন্তু সেদিন-তুমি যখন জানতে চাইলে,
কে তোমার এই সুরঞ্জনা ?
কেইবা নীলাঞ্জনা ? বলতো ?
তোমার নীল দু’টো চোখে তাকিয়ে বলেছিলাম ‘তুমি’।
তুমিই আমার সুরঞ্জনা,
তুমিই আমার নীলাঞ্জনা।
তুমি হাসনি।
অবাক হয়েছিলে কি ?
বুঝতে পারিনি।
শুধু বুঝেছি-তুমি চাও,
তুমিও চাও আমার হৃদয়ের
সব অপূর্ণতাকে
নিঃশ্বাসের মত করে পূর্ণ করে দিতে।